দুই শতাব্দির প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রবিবার (১৭) দুপুরে মন্ত্রী ঐতিহাসিক ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে আসেন। এসময় তিনি পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীণ বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন।
এছাড়া মন্ত্রী যশোর ইনস্টিটিউট চত্বরে শতাব্দি প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন। এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অবস্থানকালে সাংস্কৃতিক মন্ত্রী সাংবাদিকদের বলেন, গত ২০ বছর দেশ ঘন কালো তমচ্ছান্ন অন্ধকারে ছিল। এই অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা জীবনের গান গাইতে চাই।
তিনি বলেন, মানুষকে পাঠাগারমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। এ জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা তৎপরতা চলতে থাকবে। পাঠাগারের পরিবেশটাও নান্দনিক করার চিন্তা রয়েছে।
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার জন্য এসময় মন্ত্রী ৫০ লাখ টাকা বরাদ্দ দেন।
এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড.এম. সালেক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
