দোহা বইমেলায় ইসলামি ঐতিহ্যের প্রদর্শনী

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:১২ পিএম

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় ইসলামি সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। 

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় বইমেলায় অংশ নিয়েছে। তারা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের কার্যক্রম তুলে ধরছে। মন্ত্রণালয়ের স্টলে বিভিন্ন প্রকাশনা, পাণ্ডুলিপি, শিক্ষামূলক ডিজিটাল উপকরণ এবং ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট প্রদর্শন করা হচ্ছে।

১৪ মে শুরু হওয়া বইমেলার ৩৫তম আসর আগামী ২৩ মে পর্যন্ত চলবে। এতে ৩৬টি দেশের ৫১৫টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থা অংশ নিয়েছে। আরব ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মেলায় গবেষণাধর্মী, ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা প্রকাশনা প্রদর্শন করছে। পাশাপাশি সৌদি ইতিহাস সংরক্ষণ ও নথিভুক্তকরণে পরিচালিত আর্কাইভভিত্তিক বিভিন্ন জ্ঞানমূলক প্রকল্পও উপস্থাপন করা হচ্ছে। 

এছাড়া সৌদি আরবের কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস (দারাহ)-এর সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ কমিশনও ১৪ মে এই মেলায় সৌদি প্যাভিলিয়নের উদ্বোধন করে।

কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ আল-ওয়াসেল বলেন, সৌদি সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে বিশ্ব পরিসরে তুলে ধরাই তাদের লক্ষ্য। একই সঙ্গে সৌদি আরবের প্রকাশনা ও অনুবাদ খাতের অগ্রগতিও তুলে ধরা হচ্ছে।

তিনি জানান, বইমেলায় প্যানেল আলোচনা, কবিতা সন্ধ্যা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সৌদি লেখক ও বুদ্ধিজীবীরা সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত