কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়?

আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৪৯ পিএম

কোরবানি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন ও মুকিম মুসলমান নর-নারীর কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হয়। ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি আদায় করতে হবে।

প্রয়োজনীয় খরচ বাদে প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা থাকলে কোরবানি ওয়াজিব

নিসাবের হিসাব

স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি এবং রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি নিসাব। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রুপার কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না হয় তবে স্বর্ণ-রুপা উভয়টি মিলে কিংবা এর সাথে প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের হয়ে যায়, সেক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে। স্বর্ণ-রুপার অলঙ্কার, নগদ অর্থ, যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এই সবই কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। (বাদায়েউস সানাইয়ে ৪/১৯৬, ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫)

আজকের (১৫ জুন, ২০২৬) বাজার দর অনুযায়ী স্বর্ণ ও রুপার নিসাবের হিসাব তুলে ধরা হলো-

স্বর্ণের নিসাব ও বর্তমান মূল্য

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা হিসেবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম ১৮ লাখ ১৮ হাজার ৭১২ টাকা ৫০ পয়সা।
  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা হিসেবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম ১৭ লাখ ৩৬ হাজার ৪০ টাকা।
  • ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা হিসেবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম ১৪ লাখ ৮৮ হাজার ৩৭ টাকা ৫০ পয়সা।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা হিসেবে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম ১২ লাখ ১২ হাজার ৩৭ টাকা ৫০ পয়সা।

অর্থাৎ কেউ যদি স্বর্ণের নিসাব অনুযায়ী কোরবানি আদায় করতে চায়, তাহলে তার কাছে প্রায় ১২ লাখ থেকে ১৮ লাখ টাকা বা সমপরিমাণ সম্পদ থাকতে হবে। 

রুপার নিসাব ও বর্তমান মূল্য

  • ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৭৭৪ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার দাম ৩ লাখ ৩ হাজার ১৩৫ টাকা।
  • ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৫৪০ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার দাম ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা।
  • ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৭২৪ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার দাম ২ লাখ ৪৭ হাজার ১০ টাকা।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা হিসেবে সাড়ে ৫২ ভরি রুপার দাম ১ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকা।

সুতরাং রুপার নিসাব ধরলে, কারো কাছে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে প্রায় ১ লাখ ৮৭ হাজার টাকা বা সম্পদ থাকলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে।

ঋণমুক্ত অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি আবশ্যক হয়। এ অবস্থায় কোরবানি না করলে ব্যক্তি ওয়াজিব বাদ দেওয়ার কারণে গুনাহগার হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত