যাত্রীদের ভোগান্তি

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আপডেট : ১৯ মে ২০২৬, ০১:২৭ পিএম

বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা বাস মালিক সমিতি। তবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চলাচলরত যাত্রীরা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে এলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তারা। 

ক্ষোভ প্রকাশ করে যাত্রী উর্মিলা রানী দাস বলেন, জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। এখন কীভাবে যাব বুঝতে পারছি না।

এ বিষয়ে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদের কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত