পবিত্র হজ পালন করতে যাওয়া হজযাত্রীদের বিশেষ পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান ও প্রথমত গরম ও সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কতা সর্ম্পকে জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় ইবাদত-বন্দেগি নিশ্চিত করতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করা জরুরি। এ লক্ষ্যে হজযাত্রীদের দীর্ঘ সময় সরাসরি রোদে অবস্থান না করা এবং অতিরিক্ত গরমের সময় রোদে হাঁটাচলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া চলাচলের সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরাসরি রোদের পরিবর্তে ছায়াযুক্ত পথ ব্যবহার করতে এবং প্রয়োজন হলে পরিবহন ব্যবহার করারও অনুরোধ জানানো হয়। দীর্ঘ পথ চলাচলের ক্ষেত্রে নিয়মিত বিরতিতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রচণ্ড গরমে শরীরের পানিশূন্যতা রোধে হজযাত্রীদের নিয়মিত ও পর্যাপ্ত পানি পান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে মন্ত্রণালয়। এছাড়া হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়।