বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন—তা নিয়ে গত কয়েকদিন ধরেই দেশের ফুটবলাঙ্গনে জল্পনা-কল্পনার শেষ নেই। বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো নাম ঘোষণা না করলেও, বিশ্বস্ত ফুটবল ডাটাবেজ ওয়েবসাইট 'ট্র্যান্সফারমার্কেট' এবং হুট করে ঘটে যাওয়া এক বড় ঘটনা এখন নতুন এক মোড় এনে দিয়েছে। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা হাই-প্রোফাইল জার্মান-মার্কিন কোচ টমাস ডুলি।
বাফুফে নতুন কোচের জন্য ১১ জনের একটি শর্টলিস্ট চূড়ান্ত করেছিল এবং গত ১৫ মে নতুন কোচের নাম ঘোষণা করার কথা ছিল। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তালিকার এক নম্বরে থাকা ওয়েলসের হাই-প্রোফাইল কোচ ক্রিস কোলম্যানের এজেন্টের সাথে ফি ও কমিশন সংক্রান্ত জটিলতায় সেই ঘোষণাটি আটকে যায়। কোলম্যান চুক্তি থেকে ছিটকে যাওয়ার পর পরই বাফুফের নজর এখন তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা টমাস ডুলির দিকে।
ঠিক এই আবহেই ডুলির গায়ানার পদ ছাড়ার বিষয়টি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। গায়ানার দায়িত্বে ৯ মাস অপরাজিত রেকর্ড গড়ার পরও 'নতুন চ্যালেঞ্জ' নেওয়ার কারণ দেখিয়ে তাঁর বিদায় নেওয়া গুঞ্জনকে আরও জোরালো করেছে। ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশের দেওয়া প্রস্তাবটি হয়তো এই অভিজ্ঞ কোচের কাছে এখন অনেক বেশি বাস্তবসম্মত।
এই বিষয়ে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, "টমাস ডুলি আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। এখন কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি (তাবিথ আউয়াল) নিজেই দেখছেন।"
৬৪ বছর বয়সী ডুলি খেলোয়াড় হিসেবে যেমন বুন্দেসলিগা ও ইউয়েফা কাপ জয়ী, তেমনি কোচ হিসেবে ফিলিপাইন জাতীয় দলকে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করিয়েছিলেন। এশিয়ান ফুটবল সম্পর্কে তাঁর এই দারুণ অভিজ্ঞতাই তাঁকে বাফুফের পছন্দের তালিকায় ওপরের দিকে রাখছে।
