উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২২ দিনের ছুটি ঘোষণা করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আগামী ২২ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে বুধবার (২০ মে) এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত সব আবাসিক হল বন্ধ থাকবে এবং ৬ জুন সকাল ৬টায় হলসমূহ পুনরায় খুলে দেওয়া হবে। তবে জরুরি বিভাগ ও শাখাসমূহ খোলা থাকবে এবং রোস্টার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন।
এদিকে, উপাচার্য অপসারণের একদফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন আজ বৃহস্পতিবার ১১তম দিনে গড়িয়েছে। টানা কর্মবিরতি, অবস্থান কর্মসূচি ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে ছুটির এ ঘোষণা নতুন আলোচনা তৈরি করেছে।
