রাজধানীর রামপুরার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সবুজায়নের বার্তাও দেওয়া হয় এ কর্মসূচিতে। এতে শিক্ষার্থীদের হাতে কলমে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) স্কুলের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফারজানা হক ও সহকারী পুলিশ কমিশনার (এসি) জান্নাতুল ফেরদৌসসহ স্কুলের শিক্ষকরা।
অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। একটি পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, রাস্তা পারাপারের নিয়ম এবং ট্রাফিক সিগন্যালের বিভিন্ন চিহ্ন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে সড়ক বাতির সংকেত ও নিরাপদ চলাচলের বিষয়গুলোও তুলে ধরা হয়।
