সংরক্ষিত নারী আসনের এমপি রোকেয়া বেগম 

জুলাই শহীদদের গেজেট সম্পন্ন করাই আমার প্রথম কাজ

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:০৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের (৩৪৫) এমপি রোকেয়া বেগম বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে কাজ করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, অনেক আহত জুলাই যোদ্ধা আজও চরম কষ্টে দিন কাটাচ্ছেন। কারো চোখ নেই, কারো হাত-পা নেই। তাদের দুর্ভোগের শেষ নেই। আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের অধিকার নিশ্চিতে কাজ করব।

শুক্রবার (২২ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাইশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রোকেয়া বেগম বলেন, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। কিন্তু এখনো অনেক শহীদের সরকারি গেজেট সম্পন্ন হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ৮৬৪ জনের গেজেট হয়েছে। বাকি শহীদরা কোথায়? আমার প্রথম কাজ হবে জুলাই শহীদদের গেজেট দ্রুত সম্পন্ন করার বিষয়ে কাজ করা।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব শহীদের নাম এখনো গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, দ্রুত সময়ের মধ্যে তাদের গেজেট প্রকাশ করা উচিত।

জুলাই আন্দোলনের কনিষ্ঠতম শহীদ জাবির ইব্রাহিমের মা এবং এমপি রোকেয়া বেগমের তুলাইশিমুল গ্রামে আগমন উপলক্ষে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মোস্তফা কামাল খন্দকার (মলাই মাস্টার)-এর সভাপতিত্বে এবং তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেড মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখার আমির মো. ইকবাল হোসেন, তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন, যুবদল নেতা মো. বিল্লাল হোসেন ভুইয়া, তুলাইশিমুল গ্রামের মেম্বার ইব্রাহিম ভূঁইয়া ও মনিয়ন্ধ ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত