পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের তারকারা। আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে গতকাল মাঠজুড়ে দেখা গেল তাদেরই দাপট। একদিকে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টর্নেডো সেঞ্চুরিতে আবাহনী উড়িয়ে দিয়েছে অগ্রণী ব্যাংককে। অন্যদিকে তাইজুল-তানভীরের ঘূর্ণিতে গুলশান ক্রিকেট ক্লাবকে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। মিরপুরে আবার চার-ছক্কার ঝড় তুলে লিজেন্ডস অব রূপগঞ্জকে জেতানোর নায়ক ইরফান শুক্কুর।
সপ্তম রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান। টানা ৫ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগের বাকি আর মাত্র চার রাউন্ড।
শান্তর ঝোড়ো সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয় : লিগের প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকলেও সেদিন ড্রেসিংরুমে বসে সতীর্থদের খেলা দেখেছিলেন শান্ত। এরপর জাতীয় দলের দায়িত্ব সেরে গতকালই প্রথম আকাশি-নীল জার্সিতে মাঠে নামেন এ বাঁহাতি ব্যাটার। আর ফিরেই ইউল্যাব মাঠে খেললেন ৯০ বলে ১০৮ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস। ৭টি চার ও ৭টি ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য মাত্র ৩১.৪ ওভারেই ১ উইকেট হারিয়ে টপকে যায় আবাহনী।
টস জিতে আগে ব্যাটিং করা অগ্রণী ব্যাংককে শুরুতেই চেপে ধরেন আবাহনীর বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অভিজ্ঞ নাসির হোসেন (৫৮ বলে ৫৬)। আবাহনীর পক্ষে রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১৭৯ রান তাড়া করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারালেও দ্বিতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে নেন শান্ত। ৪৯ বলে হাফসেঞ্চুরি করার পর পরের ৫০ রান করতে শান্ত নেন মাত্র ৩১ বল। অঙ্কন ৮৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। প্রথম দুই ম্যাচ হেরে লিগ শুরু করা আবাহনীর এটি টানা পঞ্চম জয়।
তিন তারকায় তা-ব মোহামেডানের : জাতীয় দলের তিন তারকাÑ মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনকে নিয়ে বিকেএসপিতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে মোহামেডান। প্রথমে ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ৭৭ বলে ৮৬ ও মুশফিকুর রহিমের ৬২ বলে ৭২ রানের দুর্দান্ত দুটি ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে মোহামেডান। শেষ দিকে সাইফউদ্দিন ২৪ বলে ৪৪ এবং আফিফ হোসেন ৫১ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
৩৪৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডানের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। তানভীর ইসলামের ৪ উইকেটের পর সিলেট টেস্টে ৯ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম মাত্র ২৬ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। মাত্র ১০৮ রানে গুলশান অলআউট হলে ২৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
শুক্কুরের বিধ্বংসী সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় : মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে অধিনায়ক সাব্বির হোসেনের ১০৪ বলে ৭৯ রানের ইনিংসে ভর করে ২১০ রান করে গাজী গ্রুপ। রূপগঞ্জের পক্ষে সালাউদ্দিন শাকিল ও আব্দুল হালিম ৩টি করে উইকেট নেন।
২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের ওপেনার ইরফান শুক্কুর খেলেন ৭৫ বলে ১২৭ রানের এক দানবীয় ইনিংস। ১৮ টি চার ও ৫ টি ছক্কায় মাঠ মাতানো শুক্কুর সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর অধিনায়ক শেখ মেহেদী ও আইচ মোল্লা (৩০*) দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
বুড়ো হাড়ের ভেলকিতে প্রাইম ব্যাংককে হারাল সিটি : এক রাউন্ড আগে মোহামেডানকে হারানো প্রাইম টানা দ্বিতীয় হারের শিকার হয়েছে। গতকাল সিটি ক্লাবের কাছে হেরেছে ১৯ রানে। সিটি ক্লাবের ৪০ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার এনামুল হক আনাম খেলেন ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। ২০১৩ সালে অভিষেকের পর ৯৬তম ম্যাচে এসে এই কীর্তি গড়লেন তিনি। আনামের সেঞ্চুরিতে সিটি ক্লাব ৭ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি। আজিজুল হাকিম সর্বোচ্চ ৯৫ রান করলেও দলের হার এড়াতে পারেননি। সিটি ক্লাবের বোলার এনামুল হক আশিক ৫ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
