এশিয়ান গেমস বাছাইপর্বে প্রথমবার খেলেই বাজিমাত করেছেন অর্পিতা পালরা। বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। অন্যদিকে এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছেন কাবাডির মেয়েরা। সেই ঐতিহাসিক দলকে শনিবার বিমানবাহিনীর ফ্যালকন হলে পুরস্কার তুলে দেওয়া হয়। নারী হকি দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিও ১ লাখ টাকা করে পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। নারী হকির পৃষ্ঠপোষক ব্র্যাংক ব্যাংকও খেলোয়াড়দের আরও ১ লাখ টাকা করে দিয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের হাতে এই অর্থ তুলে দেন। এই সময় গেস্ট অব অনার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছিলেন। নারী হকি দলের পাশাপাশি আর্থিক প্রণোদনা পেয়েছে নারী কাবাডি দলও।
