নারী ক্রিকেটকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় এবং ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘ওমেনস ইমার্জিং নেশনস ট্রফি’র পরিধি বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর চালু হওয়া এই টুর্নামেন্টে যেখানে কেবল ৮টি সহযোগী দেশ অংশ নিয়েছিল, সেখানে এবার দল সংখ্যা বাড়িয়ে ১০টি করা হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো, এবার সহযোগী দেশগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশসহ ৫টি টেস্ট খেলুড়ে দেশ।
গত বৃহস্পতিবার আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির একটি অনলাইন সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, এবার টুর্নামেন্টে যোগ দেবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে এই ৫টি দেশের সঙ্গে লড়বে অ্যাসোসিয়েট ৫টি দেশ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং পাপুয়া নিউগিনি। ২০২৫ সালের নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে বসেছিল এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর।
