তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা

আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:১৩ পিএম

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন নামে তৃতীয় লিঙ্গের এক হিজড়াকে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের হিজড়া গুরুতর আহত হন। 

উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় রবিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) ওই এলাকার রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগীর ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসামাজিক কাজের উদ্দেশ্যে ডেকে নেয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতণ্ডা হয়। এ ঘটনায়ই এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে ধারণা করা হয়। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত