আসন্ন বিশ্বকাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ঘানা। কোচ কার্লোস কুইরোজের ঘোষিত এই স্কোয়াডকে ঘিরে একই সাথে তৈরি হয়েছে বড় ধাক্কা ও চরম বিতর্ক। চোটের কারণে দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের তারকা উইঙ্গার মোহাম্মদ কুদুস। তবে দলটিতে বড় চমক হিসেবে প্রায় তিন বছর পর ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার আব্দুল রহমান বাবা। অন্যদিকে, যুক্তরাজ্যে গুরুতর ধর্ষণ মামলার মুখোমুখি হওয়া সত্ত্বেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টেই।
ঘানা জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ২৫ বছর বয়সী মোহাম্মদ কুদুস। জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে ১৩ গোল করা এই ফরোয়ার্ড গত জানুয়ারি মাসে পায়ের পেশির (কোয়াড) চোটের শিকার হন। আশা করা হয়েছিল মার্চেই মাঠে ফিরবেন তিনি, কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার জটিলতায় চোট আরও গুরুতর রূপ নেয়। টটেনহ্যামের সাবেক কোচ থমাস ফ্রাঙ্কের বিদায়ের পর থেকে আর কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি।
ঘানা স্কোয়াডের সবচেয়ে বিতর্কিত আলোচনা এখন ৩২ বছর বয়সী মিডফিল্ডার টমাস পার্টেইকে নিয়ে। যুক্তরাজ্যে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে অভিযুক্ত এই সাবেক আর্সেনাল তারকা। তবে জামিনের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক সফরের ২৪ ঘণ্টা আগে পুলিশকে অবহিত করার নিয়ম মেনে তিনি খেলা চালিয়ে যেতে পারছেন। তার এই মামলার বিচার প্রক্রিয়া পিছিয়ে আগামী বছরের ৮ জুন (২০২৭) নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে আর্সেনাল ছেড়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে নিয়মিত খেলা পার্টেইকে তাই আইনি জটিলতার মাঝেই বিশ্বকাপের স্কোয়াডে রেখেছেন কোচ কুইরোজ।
ঘানা বিশ্বকাপের প্রাথমিক দলে পার্টেইসহ মোট ৫ জন মিডফিল্ডার, ৫ জন গোলকিপার, ১০ জন ডিফেন্ডার ও ৮ জন ফরোয়ার্ড আছেন। আগামী ১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। এর আগে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে দলের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি পর্ব। চূড়ান্ত দল ঘোষণার ঠিক পরদিন, অর্থাৎ ২ জুন কার্ডিফে ওয়েলসের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ঘানা।
বিশ্বকাপে ঘানা ‘এল’ গ্রুপে পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।
আসন্ন বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ঘানার প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
ঘানার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি, জোসেফ আনং, সলোমন আগবাসি, পল রিভারসন।
ডিফেন্ডার: বাবা রহমান, গিদিয়ন মেনসাহ, মারভিন সেনায়া, আলিডু সাইডু, আবদুল মুমিন, জেরোম ওপোকু, জোনাস আদজেতেই, কোজো ওপং পেপ্রাহ, আলেকজান্ডার জিকু, এলিশা ওয়াসু।
মিডফিল্ডার: থমাস পার্টেই, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকে, ক্যালেব ইয়েরেঙ্কি, আবদুল ফাতাউ ইসাহাকু।
ফরোয়ার্ড: কামালদিন সুলেমানা, ক্রিস্টোফার বোনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসানতে, প্রিন্স কোয়াবেনা আদু, ইনাকি উইলিয়ামস, জর্ডান আইয়ু।
