আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৬, ১২:৪৬ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ওয়ার্ডে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৭ মে) হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিনসহ তদন্ত দল রয়েছে। শিশুগুলো কিভাবে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত