বছরে দুইবার ঈদের নামাজ আদায় করা হয়। এ নামাজের নিয়ম অন্যান্য নামাজের তুলনায় কিছুটা ভিন্ন হওয়ায় অনেকেই অতিরিক্ত তাকবিরের সময় দ্বিধায় পড়ে যান। কেউ হাত বাঁধেন, কেউ ছেড়ে দেন, আবার কেউ পাশের মুসল্লির দিকে তাকিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এতে নামাজের একাগ্রতা ব্যাহত হয়। তাই ঈদের নামাজ আদায়ের আগে এর সঠিক নিয়ম জেনে নেওয়া প্রত্যেক মুসল্লির জন্য জরুরি। এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলো।
ঈদের নামাজ দুই রাকাত। প্রথমে নিয়ত করে তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে নামাজ শুরু করে সানা পড়বে। সানা পড়ার পর প্রথম রাকাতে তিন বার ‘আল্লাহু আকবার’ বলে দ্বিতীয় রাকাতে আরও তিনটি অতিরিক্ত তাকবির বলবে। অর্থাৎ ঈদের নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে।
প্রথম রাকাতে অতিরিক্ত দুই তাকবির বলার সময় উভয় হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে হাত না বেঁধে ছেড়ে দেবে। তৃতীয় তাকবির বলার সময় কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে বেঁধে নেবে। অতঃপর সুরা-কিরাত পড়ে রুকুতে যাবে।
দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা-কিরাত পড়ে রুকুতে যাওয়ার পূর্বে আগের নিয়মে অতিরিক্ত তাকবির বলবে। তৃতীয় তাকবির বলার সময়ও হাত না বেঁধে ছেড়ে দেবে। অতঃপর চতুর্থ তাকবির বলে রুকু করবে। এরপর অন্যান্য নামাজের মতো যথারীতি নামাজ শেষ করবে। (কিতাবুল আসল ১/৩১৯)
কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়?