ভারতে দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে ঈদুল আজহার দিন দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
ফিরে আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।
ফেরত আসা যুবকদের ভাষ্য, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্ত পথে তাদের ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের মাধ্যমে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। সেখানে প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।
ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের উপস্থিতিতে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনি সহায়তা দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
ফিরে আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাদের দাবি, এখনও ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজার বাংলাদেশি আটক রয়েছেন।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, “গার্মেন্টসে চাকরির কথা বলে দালালরা তাদের ভারতে নিয়ে যায়। পরে তারা প্রতারণার শিকার হন। তারা সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজ দায়িত্বে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।”
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।