ঈদের ছুটি কাটিয়ে কোনো প্রকার ভোগান্তি ও ধকল ছাড়াই রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের তৃতীয় দিন শনিবার (৩০ মে) সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের আনাগোনা শুরু হয়েছে। তবে গত কয়েক বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় এখনো বড় ধরনের ভিড় বা হুড়োহুড়ি দেখা যায়নি।
সকালে রাজধানীর প্রবেশপথগুলো এবং গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং গাজীপুরের মতো নিকটস্থ জেলাগুলো থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ খুবই স্বাভাবিক। কাউন্টারগুলোতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষার দৃশ্য যেমন নেই, তেমনি বাসে উঠতে যাত্রীদের ঝক্কিও পোহাতে হচ্ছে না। যাত্রীচাপ কম থাকায় এবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মেলেনি।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছেন। শেরপুর থেকে আসা একটি বাসের হেলপার জানান, ‘এখনো ফিরতি চাপ সেভাবে শুরু হয়নি। বাসে সিট খালি থাকছে না ঠিকই, তবে বাসের জন্য মানুষের হাহাকার নেই। ভাড়া আমরা নিয়মিত চার্ট অনুযায়ীই নিচ্ছি।’
যাত্রীরা বলছেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় এবারের ঢাকা ফেরা অনেক বেশি আরামদায়ক হচ্ছে। তবে বিকেল থেকে অথবা আগামীকাল রোববার অফিস খোলার আগের দিন থেকে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করছেন পরিবহন শ্রমিকরা।
টানা ছুটি শেষে সোমবার খুলছে অফিস