জ্বালানি সাশ্রয়ে আগের নির্দেশনা বাতিল, নতুন ঘোষণা

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে অনলাইনে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি কার্যক্রম যেন স্বাভাবিক, কার্যকর ও গতিশীলভাবে পরিচালিত হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

এতে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভা, প্রশিক্ষণ, কর্মশালা ও অন্যান্য কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণও যথাসম্ভব অনলাইনে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

নতুন নির্দেশনার ফলে ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত