বিগত সময়ে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছি: ডেপুটি স্পিকার

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিগত সময়ে আমরা দেখেছি সাংবাদিকতার নামে উগ্র দালালি। অনেকেই প্রলুব্ধ করেছেন, উসকানি দিয়েছেন অনেক কিছু করার জন্য।

বুধবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আমরা এই দেশে একটি নতুন সমীকরণের মাধ্যমে সমাজব্যবস্থার পরিবর্তন করতে চাই। আমাদের অনেক সাংবাদিক যখন সত্য প্রতিবেদন প্রকাশ করেন, তখন তাদের ওপর হামলা-মামলা হয়। দেখা গেছে, বালু চুরি, কয়লা চুরি কিংবা দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ না করার মতো ঘটনাও রাজনৈতিক নেতা বা তাদের প্রশ্রয়ে ঘটে থাকে। এসব বিষয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হয়।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে, এসব হামলার আসামিদের বিরুদ্ধে মামলা হলেও অনেক সময় তাদের গ্রেপ্তার করা হয় না। বিচার তো দূরের কথা। কে কোন দল করে, সেটা বিবেচ্য বিষয় নয়। সন্ত্রাসী সন্ত্রাসীই, অপরাধী অপরাধীই।

কায়সার কামাল বলেন, পুরোনো ছাঁচে, পুরোনো ধাঁচে আমরা আবার বাংলাদেশকে দেখতে চাই না। আজকের দিনে, ২২ জুলাই, পাঁচটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় এনটিভি, বাংলা ভিশন, দেশ টিভিসহ কয়েকটি গণমাধ্যম বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই সময়ে আর ফিরে যেতে চাই না।

তিনি বলেন, এই জুলাই মাসে অনেক মায়ের বুক খালি হয়েছে। আমাদের অবহেলিত এলাকা দুর্গাপুরে চারজন শহীদ হয়েছেন, কলমাকান্দাতেও চারজন শহীদ হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেই রক্তস্নাত বাংলাদেশের সামনে দাঁড়িয়ে যদি আমরা আবারও পুরোনো ধাঁচে চলি, তাহলে কেন আমার ভাই, আপনার সন্তান রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিজমমুক্ত করেছে?

প্রশিক্ষণ কর্মশালায় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত