বাংলাদেশের সঙ্গে সমরাস্ত্র সম্পর্ক গভীর করতে আগ্রহী তুরস্ক

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

প্রতিরক্ষা ও সমরাস্ত্র খাতে ঢাকার সঙ্গে তুরস্ক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শুক্রবার (৫ জুন) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

হাকান ফিদান বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘমেয়াদে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় আঙ্কারা।

তিনি অর্থনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

হাকান ফিদান জানান, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করতে চায় আঙ্কারা।

একই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী বাংলাদেশ। দেশ‌টির স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর পদ‌ক্ষেপ হি‌সে‌বে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নি‌য়ে আলোচনা হয়েছে।

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে খলিলুর রহমান বলেন, একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি ব‌লেন, আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা সম্পর্কে জানিয়েছি এবং সম্ভাব্য তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছি।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত