হল খুলছে আজ, ১২ জুন থেকে পবিপ্রবির ক্লাস শুরু

আপডেট : ০৬ জুন ২০২৬, ১১:৫১ এএম

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আজ শনিবার (৬ জুন) খুলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হলগুলো। আগামী ১২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত ছটির নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, গত ২২ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে ২২ মে বিকাল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ ছিল। আজ শনিবার সকাল ৬টা থেকে হলগুলো শিক্ষার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।

তবে ছুটিকালেও বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগ ও শাখাগুলো খোলা ছিল। রোস্টারভিত্তিক দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

এদিকে, উপাচার্যের অপসারণের একদফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন ছুটির কারণে আপাতত স্থগিত থাকলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। আন্দোলনের ১১তম দিনে বিশ্ববিদ্যালয় ছুটিতে যাওয়ায় কর্মসূচি অসমাপ্ত অবস্থায় রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও স্বেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। তারা দ্রুত উপাচার্যের অপসারণ দাবি করে আসছেন। তবে এ বিষয়ে উপাচার্যের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, ১২ জুন বিশ্ববিদ্যালয় খোলার পর আন্দোলন নতুন করে শুরু হলে ক্যাম্পাসে আবারও উত্তেজনা সৃষ্টি হতে পারে।

নোটিশে আরও বলা হয়েছে, ছুটি শেষে অফিস খোলার দিন সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির তথ্য হাজিরা নিয়ন্ত্রণকারীর কাছে জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত