মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে ১৮৪৩ সালের একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ইসলামি ঐতিহ্য ও কোরআন সংরক্ষণের ইতিহাস তুলে ধরতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, পাণ্ডুলিপিটি কালো কালি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে লেখা হয়েছে। এর প্রতিটি পৃষ্ঠা সোনালি বর্ডার, স্বর্ণখচিত অলংকরণ ও সূক্ষ্ম ফুলেল নকশায় সজ্জিত। আয়াতগুলোর মাঝে সোনালি রোজেট ব্যবহার করা হয়েছে, যা সে সময়ের কোরআন অলংকরণের উচ্চমানের শিল্পকুশলতার সাক্ষ্য বহন করে।
এতে কোরআনের বিভিন্ন পারা ও হিজবের চিহ্নও সংযুক্ত রয়েছে, যাতে তেলাওয়াত ও হিফজ সহজ হয়। জাদুঘরের ঐতিহাসিক সংগ্রহের অংশ হিসেবে প্রদর্শিত এই কোরআনের মাধ্যমে দর্শনার্থী ও হাজিরা ইসলামের বিভিন্ন যুগে কোরআন লিপিবদ্ধকরণ, অনুলিপি প্রস্তুত ও অলংকরণের ইতিহাস সম্পর্কে জানতে পারছেন।
বর্তমানে পবিত্র কোরআন জাদুঘর মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক প্রদর্শনী ও ইন্টারঅ্যাকটিভ শিক্ষামূলক উপস্থাপনার মাধ্যমে এটি মুসলমানদের কোরআন সংরক্ষণের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে।
রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম