বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যৎ, মানসিক শান্তি, পারিবারিক জীবন ও দায়িত্ব। তাই জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্য কিংবা আবেগের পাশাপাশি মানুষের চরিত্র, মানসিকতা ও জীবনবোধকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ইসলামে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এমন কিছু গুণ রয়েছে, যা একটি সুন্দর ও স্থিতিশীল দাম্পত্য জীবন গঠনে সহায়তা করে।
দয়া, মমতা ও সুন্দর আচরণ
জীবনসঙ্গীর মধ্যে দয়া, মমতা, সহানুভূতি ও উদারতা থাকা গুরুত্বপূর্ণ। শুরুর দিকে কারও প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। কিন্তু আকর্ষণ আর ভালোবাসা এক বিষয় নয়। ভালোবাসা গড়ে ওঠে যত্ন, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে।
যিনি অন্যের কষ্ট বুঝতে পারেন, বিপদে পাশে দাঁড়ান এবং মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ করেন, তার মধ্যে সুন্দর দাম্পত্য গড়ার গুণ রয়েছে। জীবনসঙ্গী নির্বাচনের সময় খেয়াল করা উচিত, তিনি অন্য মানুষের সঙ্গে কেমন আচরণ করেন, অসহায়দের প্রতি তার মনোভাব কেমন এবং নিজের প্রয়োজনের বাইরে অন্যের কথা ভাবেন কি না।
বিশেষ করে নিজের কষ্ট, সমস্যা কিংবা মানসিক দুর্বলতার কথা বললে তিনি কতটা মনোযোগ দেন, সেটিও গুরুত্বপূর্ণ। সহানুভূতি ও যত্ন দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা বাড়ায়।
জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল
বিয়ের আগে দুজনের জীবনবোধ, মূল্যবোধ, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানা জরুরি। দুজনের চিন্তা ও পরিকল্পনায় বড় ধরনের পার্থক্য থাকলে পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে জটিলতা তৈরি হতে পারে।
পারিবারিক দায়িত্ব, জীবনযাপন, অর্থনৈতিক পরিকল্পনা ও ধর্মীয় মূল্যবোধের মতো বিষয়গুলো নিয়ে বিয়ের আগেই আলোচনা করা উচিত। এসব বিষয়ে দুজনের প্রত্যাশা জানা থাকলে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
জীবনসঙ্গীর নিজস্ব লক্ষ্য ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন। নিজের জীবন সম্পর্কে সচেতন এবং সিদ্ধান্ত গ্রহণে পরিপক্ব একজন মানুষ দাম্পত্য জীবনে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন।
ভালো ও মন্দ দুই দিক বিবেচনা করা
জীবনসঙ্গী নির্বাচনের সময় মানুষটির ভালো গুণগুলোর পাশাপাশি সীমাবদ্ধতাও বুঝতে হবে। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা, অভ্যাস ও অপূর্ণতা থাকে। তাই বিয়ের আগে কাউকে নিখুঁত মানুষ হিসেবে কল্পনা করা ঠিক নয়।
কোনো মানুষের সব গুণ একসঙ্গে পাওয়া সম্ভব নাও হতে পারে। তিনি দায়িত্বশীল হলেও হয়তো খুব বেশি রসিক নন। আবার আনন্দপ্রিয় হলেও কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সময় নেন। এসব পার্থক্য বুঝে নিজের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে সমন্বয় করতে হয়।
তবে সব অপূর্ণতা মেনে নেওয়া আর ক্ষতিকর আচরণ সহ্য করা এক বিষয় নয়। অসম্মান, নির্যাতন, প্রতারণা কিংবা দায়িত্বহীনতাকে স্বাভাবিক দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
বাহ্যিক সৌন্দর্য ও আকর্ষণ
জীবনসঙ্গীর বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তিগত আকর্ষণও বিবেচ্য বিষয়। সৌন্দর্যের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। একজনের কাছে যে সৌন্দর্য আকর্ষণীয়, অন্যজনের কাছে তা নাও হতে পারে। তাই জীবনসঙ্গীর প্রতি নিজের স্বাভাবিক আকর্ষণ ও ভালো লাগা থাকা গুরুত্বপূর্ণ।
তবে বাহ্যিক সৌন্দর্যকে বিয়ের প্রধান ভিত্তি করা উচিত নয়। সুন্দর চেহারা একা দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত করতে পারে না। পারস্পরিক সম্মান, ভালোবাসা, দায়িত্ববোধ, মানসিক বোঝাপড়া ও দ্বীনদারি অধিক গুরুত্বপূর্ণ।
বিয়ের ক্ষেত্রে নিখুঁত মানুষ খোঁজার চেয়ে উপযুক্ত মানুষ খোঁজা জরুরি। নিজের সীমাবদ্ধতা বোঝা, অন্যের অপূর্ণতাকে যথাযথভাবে বিবেচনা করা এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা থাকা একটি সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি গড়ে তুলতে পারে।
-ডিসকভারিং ইসলাম আর্কাইভ অবলম্বনে