পার্বতীপুর

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

আপডেট : ০৬ জুন ২০২৬, ১১:৩১ পিএম

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের হলরুমে এ স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

পার্বতীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ।

সভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তার হোসেন, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো, যুগ্ম সাধারণ সম্পাদক দীপঙ্কর সাহা মানিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম এবং হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের নাম। দেশের ক্রান্তিকালে তাঁর সাহসী নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল। দেশের প্রতি তাঁর আত্মত্যাগ, দেশপ্রেম এবং দূরদর্শী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত