মাধবপুরে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:৩১ এএম

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর থেকে প্রায় ২৪ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে পুলিশ ও স্থানীয় সূত্রে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

নিহত যুবকের নাম চয়ন বনিক (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চানদেওয়ার গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাদেব বনিক।

জানা গেছে, গত চার বছর ধরে তিনি ভারতের আগরতলা শহরে বসবাস করতেন। ফেসবুকে চা বাগান থেকে লাশ উদ্ধারের বিষয়টি দেখে স্বজনেরা চয়নকে শনাক্ত করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত