কালিহাতীতে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:১৬ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজারসহ আশপাশের এলাকায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল প্রায় ১০টার দিকে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে প্রায় ৮ থেকে ১০টি দোকানপাট ধসে পড়ে। এছাড়া তিনটি ব্যাটাারচালিত অটোরিকশা ও দুইটি সিএনজিচালিত অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, ঝড়ের কারণে অসংখ্য গাছপালা উপড়ে ও ভেঙে পড়ায় কস্তুরীপাড়া-দেওপাড়া-পারখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় জনসাধারণ ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসী যৌথ উদ্যোগে উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। সড়কটি দ্রুত সচল করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস জানান, ঝড়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

তিনি জানান, ঝড়ে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হলেও এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে সড়কটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ওই রুট ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত