দেশের বাজারে সোনা ও রূপার দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক জরুরি সভায় দাম কমানোর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, যার প্রতি গ্রামের মূল্য ১৯,১০০ টাকা।
একইভাবে কমেছে ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামও। এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে ক্রেতাদের গুণতে হবে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, যার প্রতি গ্রামের দাম ১৮,২৩০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২,২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৪৮,৪২৪ টাকায়।
সোনার পাশাপাশি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা রূপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে ৪,৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪,৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪,০২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,০৩৩ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকার কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে ক্রেতার কাছ থেকে সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এর পাশাপাশি অলংকারের ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি যুক্ত হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সমস্ত জুয়েলারি দোকানে এই দাম কার্যকর থাকবে।