পবিত্র হজ পালন শেষে সর্বমোট ৪৮,৪০৩ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা যান।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ৯ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৯১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৪ হাজার ৪৮৮ জন।
হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১১২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৮টি, সৌদি এয়ারলাইনস ৪৫টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৭২৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ১০২টি সেবা দেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪০১ জন বাংলাদেশি হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। তাদের মধ্যে আন-নুর হাসপাতালে একজন, কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হাসপাতালে একজন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া) হাসপাতালে পাঁচজন এবং কিং আব্দুল আজিজ হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন।
নবম পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি চাকরিজীবীরা