যারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম

২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতা এবং বয়সের কারণে বেশ কিছু ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি গাইডলাইন প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে যারা অংশ নিতে পারবেন না।

১৫ বছরের কম বয়সী শিশু: হজে যাওয়ার জন্য হজযাত্রীর বয়স অবশ্যই ১৫ বছর বা তার বেশি হতে হবে। ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ২০২৭ সালের হজে অংশ নেওয়ার সুযোগ পাবে না।

জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি: যারা হৃদরোগ, ফুসফুসের রোগ, লিভারের রোগ বা কিডনির গুরুতর জটিলতায় ভুগছেন, তারা হজের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

গুরুতর মানসিক ও স্নায়বিক রোগী: ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) আক্রান্ত বয়স্ক ব্যক্তি এবং অন্যান্য গুরুতর মানসিক অসুস্থতা বা স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিরা, যাদের চিন্তা করার ক্ষমতা বা স্বাভাবিক চলাফেরা গুরুতরভাবে ব্যাহত হয়, তারা অনুমতি পাবেন না।

ক্যান্সার আক্রান্ত রোগী: যেসব ক্যান্সার রোগী বর্তমানে কেমোথেরাপি, রেডিওথেরাপি কিংবা বায়োলজিক্যাল থেরাপি নিচ্ছেন, তারা ২০২৭ সালের হজে যেতে পারবেন না।

সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি: জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং সক্রিয়ভাবে ছড়ায় এমন সংক্রামক রোগ, যেমন—উন্মুক্ত যক্ষ্মা (টিবি) কিংবা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরা এই তালিকায় রয়েছেন।

গর্ভবতী নারী: যেসব নারী গর্ভাবস্থার শেষ দুই মাসে রয়েছেন অথবা যেকোনো মেয়াদের উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় আছেন, তাদের হজের জন্য কোনো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। যারা আগামী বছর পবিত্র হজ পালনের জন্য যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত