দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সমাজে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ‘বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর উপজেলার মনাকাটা সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিবচর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এম. ইবনে মিজান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার মাদবরের চর আর. এম. উচ্চ বিদ্যালয়, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়, শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাচ্চর উচ্চ বিদ্যালয়, উমেদপুর আজিফা রবিউল্লাহ লাইসিয়াম বিদ্যালয় এবং ভদ্রাসন জি.সি. একাডেমির শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা এবং ন্যায়নীতি ও সততার চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলবে এবং একটি সুশাসনভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাদুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সজিব চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিতর্কের বিষয়বস্তুর পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পাচ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্নীতিবিরোধী এ বিতর্ক প্রতিযোগিতায় ২৩৮ পয়েন্ট পেয়ে পক্ষের দল শিবচর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ২৩২ পয়েন্ট পেয়ে বিপক্ষের দল পাচ্চর উচ্চ বিদ্যালয় রানার-আপ হয়।
প্রতিযোগিতায় ৮৭ দশমিক ৫ নম্বর পেয়ে সেরা বক্তার পুরস্কার অর্জন করেন পাচ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কার্জন কাউছার।