বিশ্বফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় মহাযজ্ঞের পর্দা উঠছে আজ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ৩ দেশের ১৬টি ভেন্যুতে ৩৯ দিনব্যাপী চলবে ১০৪ ম্যাচের এই বিশাল টুর্নামেন্ট।
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আজ বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। খেলা শুরুর ৯০ মিনিট আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন চারবারের গ্র্যামিজয়ী গায়িকা শাকিরা, কলম্বিয়ান তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকার টাইলা।
এদিকে মেক্সিকোর এই মাঠের গ্যালারি মানেই ফুটবল ইতিহাসের এক অন্যরকম উন্মাদনা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপেই এই মাঠের স্থানীয় দর্শকদের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পায় বিখ্যাত ‘মেক্সিকান ওয়েভ’। গ্যালারির এই পর্যায়ক্রমিক ঢেউ ও চেনা দর্শকদের গগনবিদারী চিৎকার প্রতিপক্ষের জন্য সবসময়ই এক বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে। আর এবারও সফরকারী দলের জন্য যা হতে যাচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা।
ম্যাচের আগে তাইতো বিষয়টি সামনে এসেছিল দক্ষিণ আফিকার শিবিরেও। তবে গ্যালারির এই তুমুল চাপ ও প্রতিকূলতা সামলে তাই মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে চান বাফানা বাফানাদের কোচ হুগো ব্রুস। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেক্সিকোর এই ঐতিহাসিক গ্যালারিকে সামলানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য এটি একটি চমৎকার অভিজ্ঞতা হতে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেন নিজেদের গেম প্ল্যান বা কৌশল শক্তভাবে ধরে রাখি এবং গ্যালারিতে (দর্শকদের গগনবিদারি চিৎকারে) কী ঘটছে, সেদিকে যেন একদমই কান না দিই।’
কাকতালীয়ভাবে, আজকের এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৬ বছর আগের এক স্মৃতিতে। ২০১০ সালে আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার জাদুকরী গোলের পর মেক্সিকোকে সমতায় ফিরিয়েছিলেন রাফায়েল মার্কেজ; ম্যাচটি শেষ হয়েছিল ১-১ ড্রয়ে। আজ যেন ঠিক তার উল্টো পিঠ। ১৬ বছর পর এবার মেক্সিকোর মাঠে আতিথ্য নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আর ইতিহাসের এক দারুণ গল্প তৈরি করে সেই রাফায়েল মার্কেজ আজ মেক্সিকোর ডাগআউটে থাকছেন সহকারী কোচ হিসেবে।
আজকের ভেন্যু এই এস্তাদিও আজতেকা স্টেডিয়াম বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করার ইতিহাস গড়তে যাচ্ছে। এই মাঠেই ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা মতো কিংবদন্তিরা বিশ্বজয়ের পর সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। লাতিন আমেরিকার বৃহত্তম এই ভেন্যুতে আজ প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে জয়ের জন্য বাড়তি চাপে থাকবে মেক্সিকো।
ফিফা র্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা মেক্সিকো নিজেদের শেষ ৮ ম্যাচে অপরাজিত থেকে দারুণ ফর্মে রয়েছে। অন্যদিকে, ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা ৬০তম র্যাংকিংয়ের দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও যেকোনো অঘটন ঘটাতে প্রস্তুত। যদিও ভিসা জটিলতার কারণে মেক্সিকোর উচ্চতা ও আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি আফ্রিকান দলটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে মেক্সিকো ২টিতে এবং দক্ষিণ আফ্রিকা ১টি ম্যাচে জয় পেয়েছে, বাকি ১টি ম্যাচ হয়েছে ড্র। আজ গ্রুপ ‘এ’-এর এই লড়াইয়ে মেক্সিকো তাদের টানা জয়ের ধারা বজায় রাখতে চায়, নাকি দক্ষিণ আফ্রিকা নতুন কোনো রূপকথা লেখে সেটাই এখন দেখার বিষয়।