চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায় অতিরিক্ত কাঁঠাল খাওয়ার পর মো. ইসরাফিল (৪৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রাম এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এক সময় পেশায় ড্রাইভার ছিলেন ইসরাফিল।
কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে পঙ্গুত্ববরন করে সে। জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসন্তান রেখে গেছেন। এর মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ইসরাফিল কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ঘুম থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পটিয়া থানার এসআই কামাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে কাঁঠাল খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ইসরাফিলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ধারণা, কাঠাল খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে চিকিৎসক বা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
মিরসরাইয়ে শ্রুতি পাল মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি