শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্সে বিশ্বকাপ উদ্বোধন

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:৩৩ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের ঠিক আগে, মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল এক জমকালো আসর। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয়ের দারুণ পারফরম্যান্সে মেতে ওঠেন উপস্থিত হাজারো দর্শক।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের ৪৮ দলের এই মহাযজ্ঞে সর্বমোট ১০৪টি ম্যাচ খেলা হবে। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বমঞ্চের।

 মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হয়

প্রায় ৮০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামটি এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল। এই বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটিকে বিশেষভাবে সংস্কার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠের ঠিক মাঝখানে বিশ্বকাপের বিশাল এক ট্রফির মডেলের চারপাশে নৃত্যশিল্পীরা যখন পারফর্ম করছিলেন, তখন পুরো স্টেডিয়াম মেতে ওঠে বর্ণিল আতশবাজির আলোয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শাকিরা ও বার্না বয়ের লাইভ পারফরম্যান্স। তারা দুজন একসঙ্গে এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান দাই দাই পরিবেশন করার সাথে সাথেই পুরো গ্যালারি করতালিতে ফেটে পড়ে।

স্টেডিয়ামের ভেতরে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে ফ্যান জোনকে কেন্দ্র করে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। জিএমটি ১৮:০০ টায় খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে হাজার হাজার ফুটবল ভক্ত অফিশিয়াল বিশ্বকাপ ফ্যান জোনে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের একটি দৃশ্য

জোকালো প্লাজার এই ফ্যান জোনে ঢোকার পথটি মূলত ব্যাহত হয় সেখানে বসানো কিছু মেটাল ব্যারিকেডের কারণে। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ঠেকাতে স্থানীয় প্রশাসন এই ব্যারিকেডগুলো দিয়েছিল। বিশাল স্ক্রিনে উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত