বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় ধাক্কা কায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডান পায়ের পেশির ইনজুরির কারণে ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের নতুন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসি।
বিশ্বকাপের গ্রুপ 'জে'-তে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল স্কালোনির দল। দলে যোগ দিতে ইতিমধ্যেই মিসৌরির কানসাস সিটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনেসি।
বালের্দির বদলি হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ে গত মঙ্গলবার পর্যন্ত কিছুটা দ্বিধায় ছিলেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলা আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচটি দেখেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, 'আজকের টেস্ট ম্যাচটি আমাকে সন্তুষ্ট করেছে এবং দলের কোথায় ঘাটতি রয়েছে সেই সন্দেহগুলো দূর করেছে... বালের্দির বদলি ঘোষণা করতে আমি হয়তো আরও এক বা দুই দিন সময় নেব।' অবশেষে সেনেসির ওপরই ভরসা রাখলেন আলবিসেলেস্তে বস।
সেনেসির জন্য রোমাঞ্চকর ২৪ ঘণ্টা!
৩১ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য গত ২৪ ঘণ্টা ছিল চরম নাটকীয় ও রোমাঞ্চকর। বুধবারই নিশ্চিত হয়েছে যে বোর্নমাউথের সাথে চুক্তি শেষ হওয়ার পর আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পারে যোগ দিচ্ছেন সেনেসি। নতুন স্পার্স কোচ রবার্তো ডি জার্বির দ্বিতীয় সাইনিং তিনি। আর এর পরের দিনই (বৃহস্পতিবার) পেলেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ দলে ডাক পাওয়ার সুসংবাদ। টটেনহ্যামের পর এবার জাতীয় দলেও ক্রিস্টিয়ান রোমেরোর সাথে রক্ষণভাগ সামলাবেন তিনি।
ইতালিকে ফিরিয়ে আর্জেন্টিনার জার্সিতে
ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় সেনেসির সামনে ইতালির হয়ে খেলার সুযোগ ছিল। ২০২২ সালের ফিনালিসিমার আগে একই সাথে আর্জেন্টিনা এবং ইতালি—উভয় দল থেকেই ডাক পেয়েছিলেন তিনি। তবে তিনি ইতালির 'আজুরি' জার্সির চেয়ে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে খেলাটাকেই বেছে নেন।
তার কিছুদিন পরেই এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তাঁর। গত বছরের ১০ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। আর বিশ্বকাপের আগে গত ২৭ মার্চ লা বোম্বোনেরাতে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছিলেন সেনেসি। এবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার পালা এই রক্ষণভাগের প্রহরীর।
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের