কুয়েতে সরকারি স্ট্যাম্প জাল করে প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চক্র সরকারি স্ট্যাম্প জালিয়াতির সঙ্গে জড়িত ছিল। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করতেন। তারা বিশেষ করে ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যের স্ট্যাম্প সরকারি নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে বিক্রি করে অবৈধভাবে আর্থিক লাভ করছিলেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং বিপুল পরিমাণ স্ট্যাম্প তৈরির কাগজ ও সরঞ্জাম জব্দ করা হয়। তদন্তে আরও উঠে এসেছে, জালিয়াতির কাজে ব্যবহৃত স্ট্যাম্পের কাগজের রোল একটি হাসপাতাল থেকে চুরি করা হয়েছিল।
কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা যায়।
এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি নথি জালিয়াতি কিংবা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।