স্পষ্ট বার্তা পিয়ংইয়ংয়ে

‘পারমাণবিক রাষ্ট্র’ হিসেবেই টিকে থাকবে উত্তর কোরিয়া

আপডেট : ১৪ জুন ২০২৬, ১১:০৩ এএম

উত্তর কোরিয়া আবারও স্পষ্ট করে জানিয়েছে, দেশটির ‘পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে অবস্থান অপরিবর্তনীয় এবং এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং বলেছে, তাদের অবস্থান বদলানোর ক্ষমতা কারও নেই।

রবিবার (১৪ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এক মুখপাত্র বলেন, 'যুক্তরাষ্ট্র এবং তার অনুসারী শক্তিগুলোর ফাঁকা বুলি উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না।' 

তিনি আরও বলেন, 'পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। এ পথে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।'

এর আগে শুক্রবার টোকিওতে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে তিন দেশই ‘কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ’-এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

উত্তর কোরিয়ার মুখপাত্র দাবি করেন, ওয়াশিংটনের পক্ষ থেকে সিউল ও টোকিওকে উন্নত অস্ত্র ব্যবস্থা সরবরাহের কারণেই পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি বজায় রাখতে বাধ্য হচ্ছে। তার ভাষায়, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি’ হিসেবে কাজ করছে।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যতই অর্থহীন বিতর্কে জড়াক না কেন, উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক রাষ্ট্রের অবস্থান তারা কখনোই পরিবর্তন করতে পারবে না।'

সম্প্রতি কিম জং উন পিয়ংইয়ংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান। এর আগে শি জিনপিং বেইজিংয়ে টানা দুটি পৃথক শীর্ষ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, এসব বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আসেনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত