বিশ্বকাপে জয়ে শুরু জ্যোতিদের

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৫৪ এএম

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের এজবাস্টনে গতকাল ১ নম্বর গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১৩৯ রান করে ডাচরা। সেই লক্ষ্য ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ নারী দল। জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় এই রান করেছেন বাংলাদেশ ওপেনার।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি চতুর্থ জয় বাংলাদেশ। ১০ বছর পর গত আসরে স্কটল্যান্ডকে হারিয়ে তৃতীয় জয় পেয়েছিল জ্যোতিরা।

দিলারা আক্তারের সঙ্গে জুয়াইরিয়ার ৬৭ রানের উদ্বোধনী জুটিই মূলত বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। ৭.৫ ওভারেই এই রান করেছেন তারা। জুটির ৫০ রানই এসেছে জুয়াইরিয়ার ব্যাট থেকে। অষ্টম ওভারের পঞ্চম বলে ক্যারোলিনা ডে ল্যাঙ্গে’র বলে পয়েন্টে ক্যাচ দিয়ে জুয়াইরিয়ার বিদায়ের ঠিক পরের বলেই আউট হয়ে যান অধিনায়ক নিগার সুলতানা।

২৩ বলে ২৬ রান করে ওপেনার দিলারা যখন ফিরলেন, বাংলাদেশের স্কোর ১০.২ ওভারে ৭৯/৩। পরের ওভারে সোবহানা মোস্তারিও (১০ বলে ৪) ফেরার পর স্কোরটা হয়ে যায় ৮৫/৪।

এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারমিন আক্তার। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ডাচ মেয়েদের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক বাবেটা ডি লিডি। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। বুধবার হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর : নেদারল্যান্ডস : ২০ ওভারে ১৩৯/৮ (ডে লেডে ৫০। তৃষ্ণা ৪-০-৩২-১, মারুফা ৪-০-৩১-২, মেঘলা ৪-০-২৯-১, রাবেয়া ৪-০-১৭-১, রিতু ৪-০-১৭-১) বাংলাদেশ : ১৯.১ ওভারে ১৪১/৪ (জুয়ায়রিয়া ৫০, দিলারা ২৬, নিগার ০, সোবহানা ৪, শারমিন ৩৭*, স্বর্ণা ১৮*।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত