রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:০১ এএম

রাশিয়ায় ড্রোন হামলায় মাফল নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে মাফল।

মাফলের নিহতের খবর রবিবার (১৪ জুন) তার পরিবার জানতে পারে।

জানা গেছে, জীবিকার তাগিদে এক মাস ১২ দিন আগে রাশিয়ায় যান মাফল। স্বজনদের অভিযোগ, রাজমিস্ত্রির কাজের কথা বলে তাকে রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ২৯ মে থেকে মাফলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। রবিবার তার মৃত্যুর খবর পায় স্বজনরা। ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে পরিবারকে জানানো হয়েছে।

মাফলের চাচা আনিস বলেন, আমার ভাতিজা জীবিকার তাগিদে রাশিয়ায় যায়। যে এজেন্সির মাধ্যমে সে গেছে তারা রাজমিস্ত্রির কাজের কথা বলেছিল। পরে জানতে পারি, তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। সেখান থেকে তাকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন, যেন আর কোনো বাংলাদেশি এমন দালাল চক্রের শিকার না হয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মাফলের ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার ভাই এক মাস ১২ দিন আগে রাশিয়ায় যায়। আজ জানতে পারলাম সে ড্রোন হামলায় মারা গেছে। আমরা সরকারের মাধ্যমে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

তার বোন আছিয়া বলেন, আমার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় যায়। তাদের আর্মি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাই অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। এখন আমাদের একটাই দাবি, তার মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, মাফলের বিষয়টি শুনেছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত