রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান নয়া চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আরডিএকে নতুনভাবে সাজানো হবে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আজকে প্রথম দিন। সবার সঙ্গে বসে আগামীর করণীয় ঠিক করা হবে। এই দপ্তর জনগণের জন্য খোলা থাকবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী মাসুম, শফিকুল ইসলাম সাফিক, জয়নুল আবেদীন শিল্পী, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি এবং পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন প্রমুখ।
সূত্র: বাসস