প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবার হাজির হচ্ছেন নতুন এক চমক নিয়ে। দীর্ঘ ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী।
সংগীতজীবনে নজরুলসংগীতের পাশাপাশি বিভিন্ন সময় আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা। তার গাওয়া বেশ কিছু আধুনিক গান শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছে। তবে একক আধুনিক গানের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে দীর্ঘ বিরতি ছিল তার।
নতুন অ্যালবাম প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, বিটিভিতে অডিশনের সময় তিনি নজরুলসংগীত ও আধুনিক-দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলেন। কিন্তু শুরু থেকেই নজরুলসংগীতকে নিজের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেন। ফলে আধুনিক গান নিয়মিতভাবে করা হয়নি। যদিও বিভিন্ন সময়ে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশনের অনুষ্ঠানের জন্য আধুনিক গান গেয়েছেন।
তিনি জানান, ১৯৯৫ সালে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে তার আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি কথা কয়’ প্রকাশিত হয়েছিল। এরপর আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি। সম্প্রতি ‘আহা কী সুন্দর খুঁটি’ শিরোনামের একটি আধুনিক গান রেকর্ড করার সময় নতুন করে অ্যালবাম করার ভাবনা আসে তার। সেই চিন্তা থেকেই শুরু হয় নতুন প্রকল্পের কাজ।
ফেরদৌস আরা জানান, নতুন অ্যালবামের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘প্রেম’। তবে প্রকাশের আগে নাম পরিবর্তন হতে পারে। অ্যালবামে মোট ১০টি গান রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি গানগুলোর কাজও দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে গানগুলোর কথা ও সুর নির্বাচন করা হয়েছে। শুধু অডিও নয়, অ্যালবামের প্রতিটি গানের ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ভিডিওগুলো প্রকাশ করা হবে। পাশাপাশি অডিও সংস্করণও উন্মুক্ত করা হবে শ্রোতাদের জন্য।
যমজ সন্তানদের প্রকাশ্যে আনলেন রাম চরণ দম্পতি
পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অর্থমন্ত্রী কিভাবে বাজেট বাস্তবায়ন করবেন, প্রশ্ন রুমিন ফারহানার
দুমকিতে হাম আক্রান্তে ৬ মাসের শিশুর মৃত্যু