রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। তার বোন শারমীন আক্তার জানান, মোহাম্মদ বিবাহিত। ৪ বছর বয়সি এক ছেলে সন্তান আছে তার। কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশেই একটি বাসায় ভাড়া থাকেন। তার স্ত্রী শ্যামলী সন্তানকে নিয়ে বর্তমানে শরিয়তপুর আছেন।
তিনি আরও জানান, তাদের বাসার পাশেই থাকে মোহাম্মাদের স্ত্রীর বড় বোন সোনিয়া ও তার স্বামী কাউছার, শ্যালক মুজাহিদ। গত শুক্রবার মোহাম্মদের সাথে একটি মেয়েকে দেখতে পায় সোনিয়া। এবিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সাথে ঝগড়া হয় মোহাম্মাদের। সোমবার রাতেও এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় সোনিয়া, তার স্বামী ও শ্যালক মিলে মোহাম্মদকে মারধর করে। এক পর্যায়ে কাউছার মোহাম্মাদের পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে। মোহাম্মদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মো. আলাউদ্দিন। কামরাঙ্গীরচরে অনলাইনে পাঞ্জাবির ব্যবসা করতেন তিনি।