পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮।
সোমবার (১৫ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি জাল টাকার চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিজের হেফাজতে রেখেছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়ক এলাকায় অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। একইসঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে তার দেখানো জায়গা থেকে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত আলামতও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
র্যাব-৮ জানায়, মাদক ও জাল নোট চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।