বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ৮ মাস আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর আগামী ১ সেপ্টেম্বর শুনানি হবে।
মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নের্তৃত্বে গঠিত আপিল বেঞ্চ এদিন ধার্য করেন।
এর আগে হাইকোর্টের এই রায় গত ৯ জুন স্থগিত করে শুনানির জন্য ১৬ জুন দিন ধার্য করেছিল সর্বোচ্চ আদালত। সংশ্লিষ্ট বিষয়ে রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ সেপ্টেম্বর এ আপিল মামলার শুনানির দিন ধার্য করেন আদালত।
অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে— সংবিধানের ১১৬ অনুচ্ছেদের এমন বিধান গত বছরের ২ সেপ্টেম্বর বাতিল করে রায় দেয় হাইকোর্ট। রায়ে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশিত হয়। রায়ে হাইকোর্ট বলে, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দ্বৈত-শাসন নীতি চলতে পারে না। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এজন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।’
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান রাখতে স্থিতাবস্থা ও সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইনের বিধানগুলোর কার্যক্রম স্থগিত চেয়ে গত ২০ এপ্রিল আপিল বিভাগে আপিল করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যদিকে গত ২১ এপ্রিল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।