ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তর সরকার (২৮)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরতপুর বাজারের পাশে চলন্ত সিএনজি অটোরিকশা থামিয়ে এ ঘটনা ঘটে।
আহত অন্তরের বাবা নিতাই সরকার জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। হযরতপুর বাজারে তাদের ‘ঋতু জুয়েলারি’ নামে একটি স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। তিনি, তার ছেলে অন্তর এবং অন্তরের ফুপাতো ভাই রাজিব (২৫) ওই দোকানে কাজ করেন।
নিতাই সরকার জানান, সন্ধ্যায় দোকান বন্ধ করে তারা তিনজন একটি সিএনজি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাজার থেকে কিছুদূর যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে সিএনজি অটোরিকশাটি থামায়। এ সময় অন্তরকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার বাম পায়ে গুলি লাগে।
এরপর দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রাজিবের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে অন্তরের হাতে থাকা একটি টিফিনক্যারিয়ার ছিনিয়ে নেয় তারা। ওই টিফিনক্যারিয়ারে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ছিল বলে জানান নিতাই সরকার।
আহত অন্তর ও রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা জানান, দোকান থেকে নিয়মিত টিফিনক্যারিয়ারে করে স্বর্ণালঙ্কার আনা-নেওয়া করতেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, অন্তর ও রাজিব নামে দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।