ভোলার মনপুরার বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে লুট হওয়া ১৫টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম চর নিজাম এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বইশা চর থেকে ১৫টি মহিষ লুট হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চর নিজাম এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলোর সন্ধান পায় এবং সেখান থেকে সেগুলো উদ্ধার করে।
উদ্ধার হওয়া মহিষগুলোর দেখাশোনার দায়িত্বে থাকা বাতান পরিমল চন্দ্র দাস বুধবার (১৭ জুন) দুপুরে মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে মো. আবদুর রহিমকে আসামি করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, লুট হওয়া ১৫টি মহিষ চর নিজাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, চরাঞ্চলে মহিষ পালন অনেক পরিবারের আয়ের প্রধান উৎস। তাই এ ধরনের লুটের ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নতুন স্বামীতেও সুখী নন সামান্থা!