ইসলামী ব্যাংককে ৩ দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:০৬ এএম

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার দেওয়া এ সহায়তাসহ গত তিন দিনে কেন্দ্রীয় ব্যাংকটির কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিল দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটি।

ব্যাংকটির চলমান তারল্য চাপ ও গ্রাহকদের লেনদেন স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত কয়েক বছরে ঋণ অনিয়ম, বড় অঙ্কের খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থাহীনতার কারণে ইসলামী ব্যাংক তারল্য সংকটে পড়ে। এর ফলে গ্রাহকদের অর্থ উত্তোলন ও বিভিন্ন ধরনের লেনদেনে চাপ তৈরি হয়।

এদিকে, ইসলামী ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে সংগঠনটির নেতারা সাত দফা দাবি উত্থাপন করেন।

তাদের অন্যতম দাবি হলো, অনিয়ম ও প্রভাব খাটিয়ে অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ থাকা গোষ্ঠীর হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার হয় আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে, নয়তো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পদ্ধতিতে শেয়ারবাজারে বিক্রি করতে হবে। এর মাধ্যমে ব্যাংকটির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে তারা মনে করেন।

দেশের বেসরকারি ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। ২০১৭ সালে মালিকানা ও পরিচালনায় বড় পরিবর্তনের পর থেকেই ব্যাংকটিকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত