প্রথম রাউন্ডের শেষ অঙ্ক

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:১৩ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ফুটবলবিশ্বের ভিন্ন ঘরানার বেশ কয়েকটি দল। যেখানে সকালের ম্যাচে থাকছে এক নবাগত ও লাতিন পরাশক্তির ফুটবলীয় সংস্কৃতির এক রোমাঞ্চকর মেইলবন্ধন। উজবেকিস্তান আর কলম্বিয়ার মধ্যকার এ ম্যাচ দিয়েই শেষ হচ্ছে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা। অন্যদিকে একই দিনে শুরু হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের বাঁচা-মরার লড়াই, যেখানে প্রথম ম্যাচে ধাক্কা খাওয়া দলগুলোর জন্য থাকছে টুর্নামেন্টে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ।

কলম্বিয়ার মুখোমুখি নবাগত উজবেকিস্তান : বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলাগুলোর একদম শেষ ম্যাচ দিয়ে আজ নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে উজবেকিস্তান। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় ‘কে’ গ্রুপের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি কলম্বিয়া। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত ও আবেগঘন এক যাত্রার পর মধ্য এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে পা রেখেছে ‘হোয়াইট উলভস’রা।

সাবেক ব্যালনের ডি’অরজয়ী ও বিশ্বকাপজয়ী ইতিহাসখ্যাত ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারোর রক্ষণাত্মক ও সুশৃঙ্খল ছকে প্রথম ম্যাচেই বিশ্বকে চমকে দিতে চায় উজবেকিস্তান। রক্ষণভাগে তরুণ তারকা আবদুকোদির খুসানভ ও আক্রমণভাগে অভিজ্ঞ এলডর শমুরুদভের ওপর ভরসা করে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা দিতে প্রস্তুত তারা।

বিপরীতে ২০২২ বিশ্বকাপ মিস করার আক্ষেপ ভুলে নেস্তর লরেঞ্জোর অধীনে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে কলম্বিয়ার। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা জেমস রদ্রিগেজের নিখুঁত পাসিং আর বায়ার্ন মিউনিখের লুইস দিয়াজের গতিময় আক্রমণ নিয়ে দলটির লক্ষ্য আক্রমণাত্মক ফুটবল দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেওয়া। ক্যানাভারোর কঠিন ডিফেন্সিভ মিড-ব্লকের বিরুদ্ধে রদ্রিগেজের ‘লক’ খোলার ক্ষমতাই হবে এ ম্যাচের মূল আকর্ষণ।

বসনিয়ার অবিশ্বাস্য অপরাজিত যাত্রা ও সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ : দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্রুপ ‘বি’র হাইভোল্টেজ ম্যাচে সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। প্রথম ম্যাচে কাতারের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ ড্র করা সুইজারল্যান্ড এবার আক্রমণভাগে আরও ক্ষুরধার হতে মরিয়া। তবে তাদের সামনে বড় বাধা বসনিয়ার এক দুর্ভেদ্য প্রাচীর ও তাদের অবিশ্বাস্য ফর্ম।

প্রধান কোচ সের্জেই বারবারেজের অধীনে বসনিয়া বর্তমানে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার এক অবিশ্বাস্য রেকর্ড নিয়ে মাঠে নামছে। গত বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে আর কোনো হারের মুখ দেখেনি তারা। আরও চমকপ্রদ তথ্য হলো তাদের এই ৯ ম্যাচের মধ্যে শেষ ৬টি ম্যাচই ড্র হয়েছে, যার মধ্যে ৫টি ম্যাচের স্কোরলাইন ছিল ১-১! এমনকি প্লে-অফ পর্বে ওয়েলস ও ইতালির মতো শক্তিশালী দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে জিতেই তারা এই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। প্রথম ম্যাচেও কানাডাকে ১-১ গোলে রুখে দেওয়া বসনিয়া আজ তাদের এই ‘ড্র’-এর ধারাকে জয়ে রূপান্তর করতে চায়।

অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র : প্রথম ম্যাচে পরাজয়ের পর আজ দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও চেক রিপাবলিক। মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস প্রথম ম্যাচের অতি-রক্ষণাত্মক ৫-৩-২ ফরমেশন ভেঙে আজ আক্রমণাত্মক কৌশল বেছে নিতে পারেন। উইঙ্গার রিলেবোহিল মোফোকেনগ ও অসবিন আপোলিসকে আজ শুরু থেকেই দেখা যেতে পারে।

এদিকে  প্রতিপক্ষ চেকিয়ারা প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরে গিয়ে প্রথম জয়ের খোঁজে মরিয়া। ল্যাডিস্ল্যাভ ক্রেচির গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে না পারার হতাশা কাটাতে চায় ইউরোপের দলটি। আজ যে দল হারবে, টুর্নামেন্টের শেষ ৩২-এর দৌড় থেকে তারা অনেকটাই ছিটকে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত