চৌদ্দগ্রামে ট্রাক ও ইউনিক বাসের সংঘর্ষে চালক নিহত

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও যাত্রীবাহী ইউনিক পরিবহন বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি ট্রাক কোনো ধরনের সংকেত বা সতর্কতামূলক সিগন্যাল ছাড়া মহাসড়কের ডান পাশে দাঁড়িয়ে যায়। এ সময় একই দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-২১৫৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে। এতে উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন বাস চালক মিজানুর রহমানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস জব্দ করেছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহত ব্যক্তির মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত উভয় যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত