জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড 

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। 

​দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ক্ষেতলাল উপজেলার জালিয়া পাড়া এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে জালিয়া পাড়া এলাকার স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রহিম তাকে ফুসলিয়ে ডেকে পাশের একটি শসা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

​গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এ ঘটনায় শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।

​আদালতের রায়, ​দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি। 

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত